দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও যুদ্ধসহ নানা কারণে দেশের মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে। এই সময়ে কোনো পণ্যের দাম না বাড়ানোই সরকারের প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর দাম বাড়লে ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এজন্য নিয়মিত বিরতিতে দেশের তেলের সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তবে সর্বশেষ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তারা কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব উত্থাপন করে।
তবে প্রস্তাবটি যাচাই-বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে, আজকের বৈঠকে তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এনএনবাংলা/


আরও পড়ুন
দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর
আলফাজকে বরখাস্ত করলো মোহামেডান
হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি ট্রাম্পের