Sunday, April 12th, 2026, 7:04 pm

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ২ জাহাজ, পথে আরও ৩

 

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) বোঝাই দুটি জাহাজ পৌঁছেছে। একইসঙ্গে আরও অন্তত তিনটি গ্যাসবাহী জাহাজ আসার কথা রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘ডিএল লিলি’ জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এছাড়া ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দুটি বর্তমানে বহির্নোঙরের চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

এদিকে আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) নিয়ে ‘কংটং’ নামের একটি জাহাজ আসার কথা রয়েছে। সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে পৌঁছাবে ‘পল’।

আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে প্রবেশ করবে ‘মারান গ্যাস হাইড্রা’। এছাড়া ১৮ এপ্রিল এলএনজিবাহী আরেকটি জাহাজ ‘লবিটো’ আসার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি জোরদার করেছে।

এনএনবাংলা/