Sunday, April 12th, 2026, 8:14 pm

মাদারীপুরে চলন্ত বাসে আগুন, নিহত ১

 

মাদারীপুরের ডাসায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক যাত্রীর মৃত্যু হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি পুরোপুরি থামার আগেই অনেকে জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় যানবাহনটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, “গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামার আগেই লাফ দিতে গিয়ে একজন চাকার নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।”

এনএনবাংলা/