Monday, April 13th, 2026, 1:25 pm

ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

 

আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে প্রায় ৭ শতাংশ। বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। লেনদেন শুরুর সময় থেকেই তেলের দামে বাড়তির এই ধারা লক্ষ্য করা যায়।

এর আগে গত শুক্রবার পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকের খবরে জুন মাসে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছিল।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করতে যাচ্ছে। প্রেসিডেন্টের ঘোষণার পর ওই দিন সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা-যাওয়া করা সব ধরনের নৌ-চলাচল বন্ধ করে দেওয়া হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করার সিদ্ধান্ত নেয়।

সেন্টকমের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা বেড়ে ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।

সূত্র: আল–জাজিরা।

এনএনবাংলা/পিএইচ