বাংলাদেশকে বিক্রি করে কোনো ধরনের চুক্তি বিএনপি কখনো করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণভাবে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন করা হবে।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এবং তার নিজস্ব ভারত সফরের প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির বলেন, এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই ভারত সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, অন্তর্বর্তী সরকারের সময় এমন কিছু জটিলতা দেখা গিয়েছিল।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়ে শুরু হবে। তবে সেটি কোন দেশ হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা
ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক