Monday, April 13th, 2026, 3:47 pm

ইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

 

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলার বিষয়টি বিবেচনা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রোববার প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পাশাপাশি নতুন করে বিমান হামলার সম্ভাবনাও বিবেচনায় রেখেছেন।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যক্রম শুরু করা হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশে যাতায়াতকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র বাধা দেবে না বলেও জানানো হয়েছে।

বর্তমান এই অস্থিরতার প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়েছে। পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

অন্যদিকে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের হুমকির মুখে তেহরান নতি স্বীকার করবে না বলে স্পষ্ট জানিয়েছেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউজ থেকে বিবিসি-কে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়ে ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধ করেছেন এবং একই সঙ্গে কৌশলগতভাবে সব বিকল্প ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, ওয়াল স্ট্রিট জার্নালকে যারা প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তথ্য দিয়েছেন, তারা মূলত অনুমানভিত্তিক বক্তব্য দিয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রেসিডেন্ট ট্রাম্পের এক পোস্টের পরই হরমুজ প্রণালিতে নৌ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধ করবে।

অন্যদিকে, ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই নৌপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘তারা এখন আলোচনায় ফিরলেও কিছু যায় আসে না’

সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অনিচ্ছুক হওয়াই এই ব্যর্থতার মূল কারণ।

এদিকে, ওয়াশিংটন ডিসির কাছে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যদি এখন আলোচনায় ফিরে না আসে, তাতেও তার কোনো সমস্যা নেই।

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার একদিন পর তিনি বলেন, “তারা ফিরে আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না। যদি তারা ফিরে না আসে, তাতেও আমি ঠিক আছি।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকেও তারা সেই ইচ্ছার কথা প্রকাশ করেছে।

সূত্র : বিবিসি।

এনএনবাংলা/পিএইচ