দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বছরে একবার করে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সে লক্ষ্যেই ইতোমধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। বর্তমান সরকারের মেয়াদকালে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।
সোমবার ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংলাপে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচি।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ‘মিডডে মিল’ চালু হয়েছে। আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিডডে মিল’ চালুর ব্যবস্থা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষাখাতের উন্নয়নে ‘থ্রি-সি’—কারিকুলাম, ক্লাসরুম ও কনসিসটেন্সি—এই তিনটি বিষয় ঠিক করার ওপর গুরুত্বারোপ করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ক্লাসরুমের অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন করা জরুরি।
কারিকুলামের ঘাটতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিভিন্ন স্কুলে সরেজমিনে গিয়ে দেখেছেন যে, বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বই থেকে পড়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কী পড়ছে এবং সেই পাঠ ও ভাষা তাদের জন্য উপযোগী কি না—সেটি পর্যালোচনা করা প্রয়োজন। তার মতে, অনেক ক্ষেত্রে পাঠ্যবইয়ের ভাষা শিক্ষার্থীদের জন্য বেশ কঠিন হওয়ায় কারিকুলাম পর্যালোচনা করে হালনাগাদ করা জরুরি।
যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, প্রাথমিক ও প্রি-প্রাথমিক স্তরে খেলাধুলাভিত্তিক ও গল্পভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া উচিত। এমন কারিকুলাম তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী
ইরানের পর তুরস্ককে শত্রু ঘোষণা করতে পারে ইসরায়েল: হাকান ফিদান
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু