বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন নিয়ে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্থাটির মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রণধীর জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশই বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় অংশীদারিত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে। পাশাপাশি, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করা হয়েছে।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেন জয়সওয়াল।
উক্ত বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুর পাশাপাশি সীমান্ত পরিস্থিতিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে ধস
নড়াইলে পাওনা টাকা না পেয়ে বসত ঘরের টিনের চালা খুলে নেওয়ার অভিযোগ
হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প