Thursday, April 23rd, 2026, 5:26 pm

চট্টগ্রামে খননকাজে মাটি ধসে নিহত ২ শ্রমিক, আহত ২

 

চট্টগ্রামের হালিশহর এলাকায় ওয়াসার একটি প্রকল্পের খননকাজ চলাকালে মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন মো. রাকিব (৩০) ও মো. আইনুল ইসলাম (২২)। আহত হয়েছেন সাগর ও এরশাদ নামে আরও দুই শ্রমিক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, মাটি খননের সময় হঠাৎ করে মাটি ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চারজনকে ভোর পৌনে পাঁচটার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের আওতায় পাইপ বসানোর আগে মাটি খুঁড়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছিল। প্রায় আড়াই মিটার গভীর খননের সময় হঠাৎ ধস নামে এবং শ্রমিকরা যন্ত্রপাতিসহ মাটির নিচে চাপা পড়ে যান। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হাইড্রো কোম্পানির অধীনে এ কাজ পরিচালিত হচ্ছিল।

এনএনবাংলা/