Thursday, April 23rd, 2026, 8:51 pm

বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

 

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র–এর বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লার পাইপ ফেটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে কেন্দ্রটির আরও দুটি ইউনিট বন্ধ ছিল। ফলে চালু থাকা একমাত্র ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

তিনটি ইউনিটের সবকটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুরসহ উত্তরের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। এতে রাত ১০টা ১০ মিনিটে কেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে তিনি গণমাধ্যমকে জানান, বর্তমানে মেরামত কাজ চলছে এবং পুনরায় উৎপাদন শুরু করতে প্রায় ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

এর আগে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট ৩টি ইউনিট রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ম ও ২য় ইউনিট প্রতিটি ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট এবং ৩য় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

এর মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া ৩ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

এনএনবাংলা/