Friday, April 24th, 2026, 7:20 pm

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

ফাইল ছবি: শামীম আহমেদ

 

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে ৩ শিশু এবং উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে আরও ১৭২ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগেই ৬ শিশুর মৃত্যু হয়েছে। অপর একটি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

এদিকে, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৬০ শিশুর মধ্যে ৩৬৩ জনই ঢাকা বিভাগের। একই সময়ে চিকিৎসা শেষে ৭৯৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ৩৭৩ জন ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৯ হাজার ৭০৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষায় এদের মধ্যে ৪ হাজার ২৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৬ হাজার ৫২৭ শিশু।

বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকা গ্রহণ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

এনএনবাংলা/