Monday, January 17th, 2022, 7:49 pm

শা‌বিপ্রবি‌তে হামলার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ব‌লেন, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীরা যৌ‌ক্তিক দাবি‌তে আন্দোলন কর‌ছে। উপাচা‌র্যের নি‌র্দেশে তা‌দের ওপর পু‌লি‌শের হামলা ও গু‌লিবর্ষণ বর্বরো‌চিত কাণ্ড। এতে অনেক শিক্ষার্থী আহত হ‌য়ে‌ছে। এই ঘটনার বিচার চাই আমরা, তা না হ‌লে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থীরাও ক‌ঠোর আন্দোল‌নে নামবে।’

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও প‌রি‌বেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিশা মুনতাজের সঞ্চালনায় এসময় গণিত বিভাগের ফরহাদ হোসেন, বাংলা বিভাগের সুমাইয়া আফরিন, সুজয় শুভসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য দেন।

পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ভোলা সড়কের মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে বিক্ষোভ করেন।

—-ইউএনবি