জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত কেউ মারা না গেলেও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৬ শতাধিক। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘কঠোর বার্তা’ দিয়েছে জেলা প্রশাসন। আগামী রবিবার (১৩ আগস্ট) সিলেটজুড়ে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে এবং এ বিষয়ে প্রতি মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক হোসেনের পরিচালনা অনুষ্ঠিত সভায় সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নেও সরকারি নির্দেশিকা মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী- আগামী রবিবার সকালে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলার সকল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। আগামী ১ মাস মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভা পরিচালনা করেন স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক হোসেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত), মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকোশলী, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়রবৃন্দ; বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি; সিলেট চেম্বারের সভাপতি, ক্যাব সিলেট; ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা আনসার কমান্ডেন্টের প্রতিনিধি; বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধি; এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
রংপুরে পুলিশের হাতে আটক হওয়া সরকারী সার নিয়ে রহস্যের জট খুলছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার
আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে