ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস কারখানায় ৮ দিন ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় কমিটির সভাপতি হাজি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতাদের প্রতি আহ্বান জানান।
ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াতের জন্য এ সুপারিশ উত্থাপন করেছে কমিটি।
বিবৃতিতে বলা হয়, প্রতি ঈদে প্রায় ১ কোটি মানুষ বৃহত্তর ঢাকা ছাড়েন। এর মধ্যে গার্মেন্টস শ্রমিক প্রায় ৩৫ লাখ। ঈদের আগে মাত্র ১ সপ্তাহে এই বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের সক্ষমতা সড়ক, রেল ও নৌ পরিবহন খাতে নেই। এজন্য প্রতি ঈদেই সড়ক ও রেলপথে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।
জাতীয় কমিটির নেতারা বলেন, যাতায়াতের বিড়ম্বনা এড়াতে গার্মেন্টস কারখানায় ৮ দিন ছুটি ঘোষণা করলে ৩৫ লাখ শ্রমজীবী মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পারবে।
তাই এ সুপারিশ বাস্তবায়নের জোর দাবি জানানো হয় বিবৃতিতে।
—–ইউএনবি


আরও পড়ুন
পোশাক রপ্তানিতে ধস, টানা সাত মাস চলছে মন্দাভাব
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা