February 27, 2026
Friday, July 12th, 2024, 8:37 pm

প্রশ্নফাঁস কান্ডে আবেদ আলীকে খুঁজছেন বাপ্পি

অনলাইন ডেস্ক :

বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস-কা-ে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলীকে নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে ট্রল করছে মানুষজন। এর মধ্যে যুক্ত হয়েছেন তারকারাও। এবার পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়িচালককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও।

নিজের ব্যক্তিগত আইডিতে সৈয়দ আবেদ আলীকে নিয়ে লিখেছেন, ‘আমি অঙ্কে ফেইল করেছিলাম। কোথায় ছিলেন তখন? ওই সময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাই হোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেইল করব না। আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন।’ স্ট্যাটাস দিয়েই ক্ষান্ত দেননি বাপ্পি। আবেদ আলীকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে দিয়েছেন ইনস্টাগ্রাম, ব্যক্তিগত আইডি ও পেজের লিংকও।

বাপ্পির এই রসিকতায় হাস্যরসের সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে। যদিও কেউ কেউ আবার সমালোচনাও করছেন। বাপ্পির কাছে এমন পোস্ট আশা করা যায় না বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এর আগে বিসিএস প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন ‘তুফান’ অভিনেতা চঞ্চল চৌধুরীও। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত বাপ্পি চৌধুরী। গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল ‘শত্রু’ সিনেমা। যদিও সেটি প্রেক্ষাগৃহে খুব একটা সুবিধা করতে পারেনি।