February 24, 2026
Thursday, January 30th, 2025, 8:35 pm

‘মুসল্লি’দের বাধায় এবার পণ্ড অপু বিশ্বাসের উদ্বোধনী অনুষ্ঠান

বন্দরনগরী চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরী মণির পর এবার ঢাকার মধ্যেই ‘মুসল্লি’দের তোপের মুখে বাতিল করতে হলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি অনুষ্ঠান।

২৮ জানুয়ারি ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রীর।

তবে স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানায়। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন।’

অন্যদিকে, থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত ‘মুসল্লি’দের কয়েকজন ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’