রংপুর ব্যুরো:
রংপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে ও বেগম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০শে জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মহাপরিচালক বলেন, চলচ্চিত্র ও শিল্পচর্চা একটি জাতির চিন্তা-চেতনা, সংস্কৃতি ও সামগ্রিক মূল্যবোধের প্রতিচ্ছবি। চলচ্চিত্র শুধু বিনোদনই নয়, এটি সমাজ বদলের শক্তিশালী মাধ্যম। অনেক সময় আমরা ফিল্মকে শুধু শখের জায়গা হিসাবে দেখি, অথচ এটি যদি পেশা হিসাবে গ্রহণ করা যায়, তাহলে অনেক সামাজিক প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। পেশাদারিত্ব চলচ্চিত্রের মাধ্যমে সমাজকে প্রভাবিত করা, জনসচেতনতা তৈরি এবং ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি প্রসঙ্গে তিনি বলেন, এই সোসাইটিকে আমরা এমন একটি মুক্ত প্ল্যাটফর্মে দেখতে চাই, যেখানে শিক্ষার্থীরা শিল্পের ভাষায় সমাজের কথা বলবে ও ভাবনার জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সোসাইটি শিল্পচর্চাকে আরও প্রসারিত করবে। শিক্ষার্থীরা গবেষণা ও সৃজনশীলতায় আগ্রহী হবে এবং চলচ্চিত্রকে একটি সচেতনতার হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। শহিদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর আত্মত্যাগ সকলের অনুপ্রেরণা। এই আত্মত্যাগ কখনই যেন বৃথা না যায়, সেজন্য তাঁর স্বপ্ন ও লড়াইকে আমাদের কাজ ও চিন্তার প্রতিটি স্তরে প্রতিফলন ঘটাতে হবে। তিনি শিক্ষার্থীদের শিল্পচর্চায় সৃজনশীলতা, নান্দনিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার ফরহাদ আহমেদ, রংপুর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি (ফ্লাস)-র সভাপতি আল মুবিন, সাধারণ সম্পাদক সানজানা ইবনাত প্রমুখ।


আরও পড়ুন
সারিয়াকান্দি পৌরসভার বিভিন্ন স্থানে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কালকিনিতে প্রেমিকাকে ডেকে নিয়ে গলা কর্তন; হাসপাতালে রেখে পালালো প্রেমিক
নীলফামারীতে জ্বালানি তেলের জন্য হাহাকার, ঈদকে ঘিরে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়