রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর এক শিক্ষার্থী মারা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্ত হলে এর ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ায় বহু মানুষ দগ্ধ হন।
এর আগে দগ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষার্থী মারা যান। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ঘটনার পরপরই একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। বাকি দুজন ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। আহত তিনজনের মধ্যে একজন ছেলে শিক্ষার্থী এবং অন্য দুজন বয়স্ক ব্যক্তি।
এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩০ জনকে নেওয়া হয়েছে। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হাসপাতালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়।
বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে বলে জানা গেছে।
এনএনবাংলা/আরএম


আরও পড়ুন
হাজারীবাগে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক
টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর