শ্রমিকদের মজুরি পরিশোধে গাফিলতির অভিযোগে তিনটি পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।
কারখানা ও এর মালিকেরা হলেন, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংও গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানা মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তরের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। গাজীপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত এবং ঢাকায় প্রথম ও তৃতীয় শ্রম আদালতে হওয়া মামলার ভিত্তিতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য তুলে ধরা হয়েছে। উপদেষ্টা বলেছেন, অভিযুক্তদের দেশে ফেরত এনে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।
আর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, কারখানার মালিকদের দ্বারা শ্রমিকদের ন্যায্য অধিকার সম্পর্কে অসহযোগী বা অবহেলার আচরণ সহ্য করা হবে না।
এনএনবাংলা/

আরও পড়ুন
ত্রয়োদশ সংসদেও ব্যবসায়ীদের আধিপত্য, নীতি প্রণয়নে স্বার্থান্বেষী প্রভাবের আশঙ্কা
নির্বাচন কমিশন সচিবালয়: ধানের শীষে ৫০% ভোট পড়েছে, ৩২% দাঁড়িপাল্লায়
ফলাফল পুনর্বিবেচনার দাবি ‘অপ্রাসঙ্গিক’, আদালতের নির্দেশ পেলে পুনর্গণনা: ইসি আনোয়ারুল