দেশ ও জাতির পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা ও সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে-এর এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নিজ নিজ সামর্থ্যে অবদান রেখে তারা জুলাই অভ্যুত্থানের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি জানান, বর্তমানে দেশের পুনর্গঠনের কাজ চলছে এবং এক বছর আগে কী পরিস্থিতিতে সরকার গঠন করতে হয়েছিল, সেই অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন।
ড. ইউনূস বলেন, “আমরা সর্বদা প্রবাসীদের সম্পৃক্ত করার উপায় খুঁজছি। আপনাদের দেখে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই, নতুন সংকল্প তৈরি হয়। দর্শক সারি থেকে মন্তব্য করা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে আমাদের সঙ্গে খেলুন।”
তিনি আরও জানান, রাজনৈতিক নেতাদের সফরে তার সঙ্গে থাকার সম্মতি আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
প্রধান উপদেষ্টা রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসীদের অবদানকে সাধুবাদ জানান। পাশাপাশি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপও উল্লেখ করেন।
জাতিসংঘ অধিবেশনের মতোই এনআরবি কানেক্ট ডে-তেও বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার পাশে ছিলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
অনুষ্ঠানে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের উদ্দেশ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র
জাতি অবুঝ নয়, রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমির
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়