পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ঢাকায় পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবন হবে দেশের প্রথম সরকারি গ্রিন বিল্ডিং। ভবনটিকে “এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে গড়ে তোলা হবে। এতে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার এবং এসটিপি-সহ বিভিন্ন সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রিন বিল্ডিং নির্মাণে গার্মেন্টস খাতের অভিজ্ঞ পরামর্শ গ্রহণের পরিকল্পনাও রয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ের পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই তথ্য জানিয়েছেন।
পরিবেশ উপদেষ্টা আরও জানান, গাজীপুরসহ শিল্পঘন বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে, যা স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, এনফোর্সমেন্ট কার্যক্রমের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো এবং যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বে জোর দিয়ে বলেন, “সরকারের কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে।” তাই সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো: খায়রুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামানসহ অন্যান্য প্রকল্প পরিচালকগণ।
এনএনবাংলা/


আরও পড়ুন
পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন
আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার