বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠন করতে হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে জনগণের মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা সম্পর্কে আস্থা সৃষ্টি করতে হবে। এজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।
তিনি অভিযোগ করেন, সচিবালয়ে এখনো অনেককে ‘ফ্যাসিস্টদের দোসর’ হিসেবে চিহ্নিত করা যায়— এদের সরিয়ে প্রশাসনকে নিরপেক্ষ করা প্রয়োজন। একইভাবে বিচার বিভাগেও স্বৈরাচারের দোসররা রয়েছেন; তাই প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত বলে মত দেন তিনি।
পুলিশে পদোন্নতি ও নতুন নিয়োগের ক্ষেত্রেও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
এনএনবাংলা/


আরও পড়ুন
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী