রাজধানী ঢাকাসহ চার জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে অতিরিক্ত সতর্কতামূলক দায়িত্ব পালন করছে বাহিনীটি।
রোববার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবির টহল দল মাঠে কাজ করছে। সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটছে। নিষিদ্ধ রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিউ ইস্কাটন, আগারগাঁও, বিমানবন্দর, হাতিরঝিল, মিরপুর এবং হাজারীবাগ এলাকাসহ একাধিক স্থানে এমন নাশকতা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

এ পরিস্থিতিতে চার জেলায় বিজিবির উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং যেকোনো ধ্বংসাত্মক কার্যক্রম আগে থেকেই প্রতিরোধ করা যায়।
এর আগে গত বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোর নিরাপত্তা জোরদারে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকায় ছিল ১২ প্লাটুন, আর ঢাকার বাইরে ২ প্লাটুন কাজ করে।
আগামীকাল সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারাদেশে চালানো হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীলতা এড়াতে আগেভাগেই আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল জানালেন রাষ্ট্রপতি
প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী
কুমিল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজন