বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুইটি পৃথক প্রজ্ঞাপনে ১৫ জন পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এখন ফরিদপুর জেলার পুলিশ সুপার। অন্যদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে পদায়ন করা হয়েছে দিনাজপুরে। হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানকে পাঠানো হয়েছে পাবনায়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস হচ্ছেন হবিগঞ্জের নতুন পুলিশ সুপার এবং আরেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে পাঠানো হয়েছে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে। পুলিশ টেলিকম ডিআইজি মো. রফিকুল হাসান গনি এখন হাইওয়ে পুলিশের ডিআইজি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে বদলি করে এবিপিএন সদর দপ্তরের ডিআইজি করা হয়েছে।
এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মোহাম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে, না দিলে শাস্তি
আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আরও পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী