February 27, 2026
Wednesday, November 26th, 2025, 6:36 pm

হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার (২৬ নভেম্বর) ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে, যার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে, আসামি থেকে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সাবেক আইজিপি মামুনের পক্ষের আইনজীবী যায়েদ বিন আমজাদ রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেল, যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, এছাড়া সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী, এ রায় প্রদান করেছেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চাপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, যার মাধ্যমে প্রায় ১৬ বছরের শাসনকাল সমাপ্ত হয়।

এনএনবাংলা/