Skip to content

Upcoming
Spain
0-0
Cape Verde
Source: ESPN

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের : মাহদী আমিন

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার।

শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহাদী আমীন জানান, বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তবে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। মায়ের চিকিৎসায় কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা যেন না থাকে, সেজন্য প্রতিটি পদক্ষেপের তদারকি করছেন তারেক রহমান।

হাসপাতালে নেত্রীর শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেন। তবে ইনফেকশনের ঝুঁকির কারণে সিসিইউতে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। মাহাদী আমীন বলেন, দূর থেকে মানুষ তার ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।

তিনি জানান, খালেদা জিয়ার কিছুটা শারীরিক উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাঁদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে তিনি উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছিলেন। পাশাপাশি, একটি সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও চলমান।

মাহাদী আমীন আশা প্রকাশ করে লিখেছেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এনএনবাংলা/