দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, পেশাজীবী বা বুদ্ধিজীবীর মাধ্যমে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশের দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার’ হুঁশিয়ারিও দেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের আয়োজনে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে আঘাত করেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মীর পরিচয়ে নতুন করে সক্রিয় হচ্ছে।’
ওসমান হাদির জন্য দোয়া চাওয়ার বিষয়টি সামগ্রিক ব্যর্থতার প্রমাণ উল্লেখ করে তিনি বলেন, ‘হাদি দেশকে ইনসাফের পথে নিতে চেয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেউলিয়া হয়ে পড়েছে। এখন আওয়ামী লীগের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আপনি যে মতেরই হোন না কেন, একটি জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে পরকীয়া করছে।’
আওয়ামী লীগ ও ভারতকে বাংলাদেশের শত্রু আখ্যা দিয়ে হাসনাত বলেন, ‘কারা ভারতের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষমতায় যেতে চায়, আমরা জানি। ক্ষমতা সীমান্তের ওপার বা কোনো বিদেশ থেকে নির্ধারিত হবে না; দেশের মানুষের ভোটেই তা নির্ধারিত হবে।’
এনএনবাংলা/


আরও পড়ুন
পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন
আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার