ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।
মরদেহ নিয়ে আসার সময় হাদির পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মরদেহ বহনের পুরো সময়জুড়ে এলাকায় এক হৃদয়বিদারক শোকাবহ পরিবেশ বিরাজ করে।
গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলতে থাকে।
এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার!
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের