কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে। লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ বহন করা হয়। এ সময় সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে নিরাপত্তা নিশ্চিত করে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকাল ১১টা ৫ মিনিটে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহ নিয়ে যাত্রা শুরু করে ভ্যানটি।
এরও আগে সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। প্রথমে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহ তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে সকাল ১১টা ৫ মিনিট পর্যন্ত পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় পৌঁছাবেন।
জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবার প্রধানকে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের