February 24, 2026
Tuesday, January 6th, 2026, 2:27 pm

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন—সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আহমদ কায়কাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আবদুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাফর আহমেদ খান, সাবেক অর্থ ও সিএএজি সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, এসডিজি–বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও সাবেক সদস্য (সচিব) মিজ জুয়েনা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধি লঙ্ঘন করে প্রতারণার মাধ্যমে সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমিতে ব্যক্তিস্বার্থে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে নীতিমালা প্রণয়ন ও নীতিবহির্ভূতভাবে ফ্ল্যাট বরাদ্দ অনুমোদন করা হয় এবং সেই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়নি। এসব অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

তদন্তে আরও জানা গেছে, আসামিরা সপরিবারে দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত বা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এনএনবাংলা/পিএইচ