February 24, 2026
Friday, January 9th, 2026, 9:32 pm

ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা

 

বাড়ছে উত্তেজনা, বাড়ছে আতঙ্ক। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে। একই সঙ্গে তিনি ইরানকে অস্থিতিশীল করতে বিদেশি মদদপুষ্ট শক্তিগুলোর ভূমিকার অভিযোগ তোলেন।

খামেনি বলেন, ‘ট্রাম্পের জানা উচিত—রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্বস্বৈরশাসকরা তাদের অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়েছিল। তাকেও একদিন পতন বরণ করতে হবে।’

ইরান কখনো পিছু হটবে না উল্লেখ করে তিনি বলেন, ‘হাজারো সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের সামনে ইরান কখনোই মাথা নত করবে না।’

দেশজুড়ে চলমান বিক্ষোভ প্রসঙ্গে খামেনির দাবি, বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, ‘তারা ট্রাম্পকে সন্তুষ্ট করতে চায়। সে যদি সত্যিই জানত কীভাবে একটি দেশ চালাতে হয়, তাহলে আগে নিজের দেশটাই ঠিকভাবে চালাত। যুক্তরাষ্ট্রের ভেতরেই অসংখ্য সমস্যা রয়েছে।’

তরুণদের উদ্দেশে খামেনি বলেন, ‘প্রিয় যুবসমাজ, তোমরা প্রস্তুতি ও ঐক্য ধরে রাখো। ঐক্যবদ্ধ একটি জাতি যেকোনো শত্রুকে পরাস্ত করতে সক্ষম।’

উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ আগে ইরানে আন্দোলন শুরু হয়, যা এখন আরও জোরালো আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে সরকারি ভবনে আগুন দেওয়ার মতো সহিংস ঘটনাও ঘটেছে।

এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি জানায়, ব্যাপক বিক্ষোভ দমনে টানা ১২ ঘণ্টা ধরে কার্যত অফলাইনে ছিল দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি, চলমান অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল, ডন।

এনএনবাংলা/