বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে স্বল্পমেয়াদি বি-১ ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড থেকে অব্যাহতির আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
শুক্রবার (৯ জানুয়ারি) তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রকে ভিসা ব্যবস্থার সহজীকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। বৈঠকে তিনি বলেন, “সাম্প্রতিক ভিসা বন্ড নিয়মের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র যাতায়াত জটিল হয়ে উঠেছে, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাকে প্রভাবিত করছে।”
এছাড়া, ড. খলিলুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে হুকারকে অবহিত করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবারের বৈঠকে অ্যালিসন হুকার বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি আরও জানান, পর্যটকদের ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থানের হার উল্লেখযোগ্যভাবে কমলে ভিসা বন্ড সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে।
এ ছাড়া তিনি অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জীবিকা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গেও পৃথক বৈঠক করেন, যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও আসন্ন নির্বাচনের বিষয়ে আলোচনা হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন
আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার