February 28, 2026
Monday, January 12th, 2026, 3:12 pm

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল

 

সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে তিনি বলেন, তিনি নিজেও এক সময় ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় থাকলেও ক্রিকেটের সঙ্গে দেশের আন্তর্জাতিক মর্যাদা জড়িয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একজন বাংলাদেশি ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা দেশের মর্যাদাকেই ক্ষুণ্ন করেছে। ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত নয় বলেও তিনি ইঙ্গিত দেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত ও বড় রাজনৈতিক দল, এবং দেশের যেসব ভালো অর্জন হয়েছে তার বড় অংশই বিএনপির শাসনামলেই হয়েছে।

আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা ও পদ্মাসহ অভিন্ন সব নদী থেকে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেনসহ অন্যান্য নেতারা।

এনএনবাংলা/পিএইচ