Skip to content

Upcoming
Mexico
0-0
Ecuador
Source: ESPN

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব

 

২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক গৌরবময় অর্জন যুক্ত করেছে বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেলহোল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘মোস্ট ফ্ল্যাগ ফ্লোন সিম্যুলটেনিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং (প্যারাস্যুট জাম্প)’ ক্যাটাগরিতে এই নতুন রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমী অভিযানে আকাশে একসঙ্গে উড়েছে লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা। প্রশিক্ষিত প্যারাট্রুপারদের পাশাপাশি অভিযানে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর চেয়ারম্যান আশিক চৌধুরী।

পুরো কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক পরিসরে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্র করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

আইএসপিআর জানায়, এই অর্জন শুধু একটি বিশ্ব রেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এই অনন্য সাফল্যের মাধ্যমে বিজয় দিবস ২০২৫ বাংলাদেশের ইতিহাসে আরও এক গৌরবময় অধ্যায় হিসেবে যুক্ত হলো।

এনএনবাংলা/