মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেবিদ্বারে বিউটি পার্লারে তরুণীর ঝুলন্ত লাশ। আত্মহত্যা নাকি হত্যা?-তদন্তে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর শহরের নিউমার্কেট নামক এলাকার একটি বিউটি পার্লার থেকে তাহারিয়া তাবাসসুম নাদিয়া আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার “ওইমেন্স পার্সোনা বিউটি পার্লার” থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নাদিয়া দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় পর্যন্ত পার্লারটি খোলা না একপর্যায়ে থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্লারের ভেতরে ওই তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার দাবি করেছে, নাদিয়া দীর্ঘদিন ধরে ওই বিউটি পার্লারে কাজ করতেন এবং পার্লার মালিকপক্ষের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। তবে কী কারণে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন-তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানারকম আলোচনা চলছে।


আরও পড়ুন
রংপুরে লেট ব্লাইট রোগ প্রতিরোধী আলুর মাঠ দিবস অনুষ্ঠিত
কচাকাটায় হত্যার অভিযোগে মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার
চিংড়াখালী ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে সচিবের মিথ্যা অভিযোগের প্রতিবাদ