February 12, 2026
Friday, January 23rd, 2026, 9:58 pm

যৌথবাহিনীর ৭ দিনের অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২৭৮

 

সারাদেশে গত ৭ দিনে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ২৭৮ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান পরিচালিত হয়েছে ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য ও চোরাকারবারিসহ মোট ২৭৮ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৭টি ককটেল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী আরও জানায়, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ নজরে এলে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এনএনবাংলা/