২০২৬ অনূর্ধ্ব–১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। আজ পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে তিন ফুটবলার করেন হ্যাটট্রিক। এর মধ্যে মোসাম্মৎ মুনকি আক্তার একাই করেন চার গোল। আলপি আক্তার ও শ্রীমতি তৃষ্ণা রানী তিনটি করে গোল করেন। বাকি দুটি গোল আসে অর্পিতা বিশ্বাস অর্পি ও মামনি চাকমার পা থেকে।
ম্যাচের শুরু থেকেই ভুটানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে বাংলাদেশ। প্রথম গোল আসে ২৭ মিনিটে। কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন মামনি চাকমা। ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন শ্রীমতি তৃষ্ণা। প্রথমার্ধের শেষ মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা মুনকি আক্তার যোগ করা সময়ের দ্বিতীয় ও তৃতীয় মিনিটে জোড়া গোল করলে বাংলাদেশ ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণভাগ। ৫৪ মিনিটে দলের পঞ্চম গোল করেন তৃষ্ণা মনি। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগ কার্যত ভেঙে পড়ে। পঞ্চম গোল হজম করার পর ভুটান গোলরক্ষক পরিবর্তন করে সোনাম শোডেনের জায়গায় কেলজাং ওয়াংমোকে নামালেও তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আলপি আক্তার শেষ গোলটি করে ১২-০ ব্যবধানে বাংলাদেশের বিশাল জয় নিশ্চিত করেন।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ বরাবরই শক্তিশালী দল। অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ স্তরের ছয়টি সাফ টুর্নামেন্টের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। একই বছর ঢাকায় অনূর্ধ্ব-২০ সাফেও শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।
শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নামা বাংলাদেশ প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়ে অনেকটাই এগিয়ে গেল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। ৪ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। চার দলের এই টুর্নামেন্টে সেরা দুই দল খেলবে ফাইনাল, যা অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
‘কুসুম’ চরিত্রে মুগ্ধতা ছড়িয়ে সেরা অভিনেত্রী জয়া আহসান
টানা ছয় জয়ে দুর্দান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল
‘এয়ার ফোর্স ওয়ান’ সিনেমা ৮ বার দেখেছেন তারেক রহমান