Sunday, February 1st, 2026, 3:00 pm

প্রবাসীদের ভোটে কারচুপির কোনো সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

 

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। এ কারণে খাম খোলা এবং সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম নিয়ে যেতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেন্সিল ব্যবহার করবেন।

ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভোট চলাকালীন প্রতিটি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম রোধে কমিশন বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। ভোট কেনাবেচা ঠেকাতে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে।

নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে ইসি বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। এখানে বড় দল বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই—সবাই সমান। নির্দেশনার পরও কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেখানে অনিয়ম হবে সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সভায় বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ