আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব আল-আমীন মো. নুরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে রোববার এক তথ্যবিবরণীতে জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত—মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
তবে কিছু যানবাহনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্যসামগ্রী ও সংবাদপত্র বহনকারী পরিবহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল চলাচল করতে পারবে। একইভাবে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত মোটরসাইকেল এবং টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় নিয়ে বিটিআরসি ও এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞামুক্ত থাকবে।
এ ছাড়া আত্মীয়-স্বজনকে আনা–নেওয়ার জন্য বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন (টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণ প্রদর্শন সাপেক্ষে), দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি ও নির্বাচনি এজেন্টের জন্য একটি করে ছোট আকারের যানবাহন—রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে—নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক এবং সংযোগ সড়কে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ব্যবস্থা নেওয়া যাবে। পাশাপাশি উল্লিখিত যানবাহন ছাড়া অন্যান্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রদান করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
প্লট দুর্নীতি মামলা: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা
ভারতকে উড়িয়ে ফাইনালে এক পা বাংলার বাঘিনীদের
প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি