Monday, February 2nd, 2026, 3:03 pm

নারীদের অপমানকারীরা দেশপ্রেমিক হতে পারে না: তারেক রহমান

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যার আশ্রয় নেয় এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে—তারা কখনোই প্রকৃত দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় খুলনার প্রভাতী স্কুলমাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি, যার মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই বিশাল নারী সমাজকে পেছনে রেখে যত বড় পরিকল্পনাই করা হোক না কেন, দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে নারীরা শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারেন।

নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের পুত্র বলেন, একটি দল প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে তারা নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। সম্প্রতি ওই দলের এক নেতা কর্মজীবী মা-বোনদের উদ্দেশ্যে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা উচ্চারণ করতেও লজ্জা লাগে। এটি শুধু নারীদের জন্য নয়, পুরো দেশের জন্যই চরম অবমাননাকর ও কলঙ্কজনক।

তিনি আরও বলেন, দেশের লক্ষাধিক নারী পোশাকশিল্পে কাজ করে জাতীয় অর্থনীতিকে সচল রেখেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীরা সংসারের প্রয়োজনে স্বামীর পাশাপাশি উপার্জনে যুক্ত হচ্ছেন। অথচ তাদেরই আজ অপমান করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইসলামের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছে—নবী করিম (সা.)-এর সহধর্মিণী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী নারী। তাই নারীদের কর্মজীবন নিয়ে অপমানজনক মন্তব্য করার অধিকার কারও নেই।

তিনি অভিযোগ করেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল এখন আইডি হ্যাক হওয়ার অজুহাত দিচ্ছে। অথচ প্রযুক্তি বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্রই প্রকাশ করছে বলে মন্তব্য করেন তারেক রহমান।

এনএনবাংলা/পিএইচ