সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলার মেয়েরা। সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফ্রি কিক থেকে নেওয়া শট ভারতের গোলরক্ষক ঠিকমতো সামলাতে ব্যর্থ হলে বল পোস্টের সামনে পড়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন।
এরপর ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে আসা ক্রসে ভারতের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দুর্দান্ত দক্ষতায় গোল করেন ফরোয়ার্ড আলপি আক্তার। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। একাধিক সুযোগ তৈরি হলেও আর কোনো গোল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান। চার দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।
দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট এবং ১৪ গোল ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে ভারত নেপালকে হারিয়ে ৩ পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান দুই ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে খেলা নিশ্চিত করবে বাংলাদেশ।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ডেঙ্গু: আক্রান্ত কমলেও, থেমে নেই মৃত্যু
গৃহকর্মী নির্যাতন মামলায় স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার
এবার কিউবাকে আল্টিমেটাম দিলেন ট্রাম্প