Monday, February 2nd, 2026, 9:13 pm

মৌলভীবাজারে নির্বাচনের নিরাপত্তায় বিজিবির ব্যাপক প্রস্তুতি, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

oplus_0

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মৌলভীবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কুলাউড়া সরকারি কলেজে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। তিনি বলেন, নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় সরাইল রিজিয়নের ৪টি সেক্টর সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যগণ মোট ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় মাঠে রয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন ৫টি উপজেলায় (৩টি সংসদীয় আসনে) নির্বাচনী দায়িত্ব পালনে ৪টি বেইজ ক্যাম্পে ১৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে। এই রিজিয়নের সকল বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত জনবল’ মোতায়েনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করছে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত তল্লাশি কার্যক্রম চালিয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছে বিজিবি। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের সকল জনগণকে আশ্বস্ত করতে চাই যে, সাধারণ জনগণ যেন নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

চোরাচালান ও অপরাধ দমন বিষয়ে তিনি বলেন, সরাইল রিজিয়নের ইউনিটসমূহ গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অভিযান চালিয়ে ৭২ জন আসামিসহ প্রায় ২০৬ কোটি ৫৬ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধার করেছে। এ সময় ২টি বিদেশি পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ১টি ভারতীয় পাইপগান, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটরও জব্দ করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সম্পর্কিত অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে এ লক্ষ্যে সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক ফিরোজ হোসেন, বিজিবি’র অন্যান্য সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।