Tuesday, February 3rd, 2026, 5:48 pm

এনসিটি ইজারা ইস্যুতে লাগাতার কর্মবিরতি ঘোষণা, অচলাবস্থায় চট্টগ্রাম বন্দর

 

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান কর্মবিরতি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে বলেন, “যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের বদলিসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবমিলিয়ে দাবি আদায়ে আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি দাবি করেন, কর্মবিরতির কারণে মঙ্গলবারও বন্দরের ভেতরে কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।

এর আগে এনসিটি পরিচালনার দায়িত্ব আরব আমিরাতভিত্তিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রোববার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথম দিনে জাতীয়তাবাদী শ্রমিক দলের নামে কর্মসূচি ঘোষণা করা হলেও সেদিন বিকালে জানানো হয়, পরবর্তী কর্মসূচি ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’র ব্যানারে চলবে।

সোমবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার কর্মবিরতির মধ্যেই অনির্দিষ্টকালের কর্মসূচির ঘোষণা আসে।

আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী কিছু কর্মচারীকে বদলি করার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ইব্রাহীম খোকন আরও বলেন, “আমরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের কর্মবিরতিতে বন্দরের শ্রমিক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। দেশের স্বার্থে আমাদের এই আন্দোলন।”

এনএনবাংলা/