Wednesday, February 4th, 2026, 1:01 pm

জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্জ নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই মাসুদ বাদল জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।

তার মৃত্যুতে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এনএনবাংলা/পিএইচ