Wednesday, February 4th, 2026, 3:31 pm

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

 

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বন্দরটির শ্রমিক-কর্মচারীরা। এর ফলে বন্দরের জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ড কার্যত অচল হয়ে পড়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বানে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মবিরতি কর্মসূচি শুরু হয়। কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে নোঙর করা জাহাজ থেকে কনটেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জেটিতে জাহাজ আনা-নেওয়া, অফডক থেকে কনটেইনার পরিবহন এবং বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচলও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, সরকার ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।

এর আগে এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টা করে তিন দিনের কর্মবিরতি পালন করা হয়। সোমবার কর্মসূচি শেষে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন।

আন্দোলনের প্রথম দিন শনিবার কর্মবিরতির পর বন্দর কর্তৃপক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত চারজনকে তাৎক্ষণিক বদলি করে এবং একদিনের কর্মবিরতিতে রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। রবিবার আরও ১২ জন কর্মচারীকে বদলি করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) নতুন করে আন্দোলনরত আরও ১৫ কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলির আদেশ জারি করা হয় বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।

এনএনবাংলা/পিএইচ