বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, তবে কোনো শক্তিকেই প্রভু হিসেবে মেনে নেবে না। বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
জামায়াত আমির বলেন, “আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করব না। আর কোনো ফেলানীকে যেন কাঁটাতারে ঝুলতে না হয়—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র কিংবা আধিপত্যবাদ থাকবে না। এই দেশ হবে ১৮ কোটি মানুষের। বাংলাদেশ সবার বন্ধু থাকবে, কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেবে না।”
২০২৪ সালের জুলাই আন্দোলন ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “ওই আন্দোলনে দেশের যুবক-যুবতী, কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছে। ১ হাজার ৪০০ শহীদের রক্ত এই জাতির ঘাড়ে দায় হয়ে আছে। আমরা তাদের সঙ্গে কখনো বেঈমানি করব না।”
দেশের নারী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হুমকির ঘটনা অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমার মা, বোন ও মেয়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত থাকবে। তাদের গৃহে, চলাচলে এবং কর্মস্থলে অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। এখানে আমরা জাত বা ধর্ম দেখব না—বাংলাদেশের মাটিতে যারা নারী, তাদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”
কুড়িগ্রামের দীর্ঘদিনের অবহেলা ও নদীভাঙনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “গত ৫৪ বছরে নদী শাসনের নামে ব্যাপক লুটপাট হয়েছে। জনগণ যদি আমাদের সুযোগ দেয়, তবে লুট হওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা হবে।” তিনি প্রতিশ্রুতি দেন, দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়নের যাত্রা শুরু হবে এবং উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং কুড়িগ্রামের চারটি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
৯ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করল ‘কোরিয়ান গেমে’ আসক্ত তিন বোন
ভারত থেকে দেশে ফেরার ছক করছেন আওয়ামী লীগ নেতারা
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক