আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের আগে, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এ বিষয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে কিছু যানবাহন থাকবে। এর মধ্যে রয়েছে—
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন
অনুমোদিত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি
জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, যেমন ওষুধ সরবরাহ ও চিকিৎসাসেবা সংক্রান্ত গাড়ি
বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা তাদের স্বজনদের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)
দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত একটি গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস)
টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা পাবেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
৯ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করল ‘কোরিয়ান গেমে’ আসক্ত তিন বোন
ভারত থেকে দেশে ফেরার ছক করছেন আওয়ামী লীগ নেতারা
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক