Wednesday, February 4th, 2026, 9:38 pm

কুড়িগ্রাম-৪ আসনের চিলমারীতে  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ সরকার আখ্যা দিয়ে বলেছেন, এ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দিতে পারছে না, অচিরেই সেনাবাহিনী ও সরকারি কর্মচারীদের বেতন দিতেও অক্ষম হয়ে পড়বে। এর পরিণতিতে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
তিনি গতকাল চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আজিজুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,এই সরকার দেশটাকে লুটপাট করে নিঃস্ব করে ফেলেছে। দেশে এখন কিছুই নেই। সুতরাং এই দেশকে আবার ঘুরে দাঁড় করানো শুধু তারেক রহমানের পক্ষেই সম্ভব।
তিনি আরও বলেন, এক সময় মানুষ হাত পাখা ব্যবহার করত, এখন সবাই বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে। এক সময় দাঁড়িপাল্লা ছিল, এখন মানুষ ডিজিটাল মেশিন ব্যবহার করে। পৃথিবী যতদিন থাকবে, ততদিন ধানের শীষ থাকবেই।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,ধানের শীষের প্রার্থী আজিজুর রহমান যদি পরাজিত হন, তাহলে চিলমারী উপজেলা বিএনপি কমিটিও থাকবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা কুড়িগ্রাম-৪ আসনটি তারেক রহমানের হাতে তুলে দিতে চাই।
জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে শফিকুল ইসলাম বেবু বলেন, যদি তারা বুঝতে পারে পরাজয়ের সম্ভাবনা বেশি, তাহলে নির্বাচন বানচালের চেষ্টা করবে। কিন্তু আমরা বসে থাকব না, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারি সরকার ও সদস্য সচিব আবু হানিফা। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় ভোটার উপস্থিত ছিলেন।