Wednesday, February 4th, 2026, 9:52 pm

টাঙ্গাইল–৮ : স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, কার্যালয়ে তালা ও ভাঙচুরের অভিযোগ

 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল–৮ (বাসাইল–সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। তাঁর অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তাঁর প্রচারণা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

অভিযোগের মধ্যে রয়েছে—নির্বাচনী কার্যালয়ে তালা দেওয়া, ভাঙচুর, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা, মিথ্যা অপপ্রচার চালানো এবং পথসভা ও গণসংযোগে বাধা প্রদান। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে সংঘাতপূর্ণ করে তোলা এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বুধবার বিকেলে সখীপুরের রাইদা ভিলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ফজলুল হক বাচ্চু লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান এই আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থীর পথসভা ও গণসংযোগ কর্মসূচি বানচাল করতে একই স্থান ও একই সময়ে ধানের শীষের প্রার্থী ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করছেন। এমনকি আমাদের মিছিল ও সমাবেশে হামলার চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি ব্যাহত করার অপচেষ্টা চলছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটছে।

অভিযোগে আরও বলা হয়, বিএনপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে পিভিসি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছুই নেই। বড় দলের প্রার্থী যা খুশি তাই করছেন। আইন ও আচরণবিধির কোনো তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে প্রচারণা চালানো হচ্ছে এবং মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।”

তিনি জানান, এসব অনিয়ম ও অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবুও ধানের শীষের প্রার্থীর নেতাকর্মীরা ধারাবাহিকভাবে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোর দাবি জানান স্বতন্ত্র প্রার্থী।