Wednesday, February 4th, 2026, 9:52 pm

ধানের শীষে ভোট মানেই শহীদ জিয়ার আদর্শে ভোট : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একাত্তরের ২৫ মার্চ পাক বাহিনীর বর্বর ক্র্যাকডাউনের পর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট গেইটে ড্রামের ওপর দাঁড়িয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমানই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে উচ্চারণ করেছিলেন “উই রিভোল্ট”।
আজ (৩ ফেব্রুয়ারী) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হাপানিয়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতার ইতিহাস আজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হচ্ছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, রাজাকার-আলবদরদের পৃষ্ঠপোষকতা করেছে, আজ তারাই নতুন নতুন বয়ান তৈরি করে স্বাধীনতার ঘোষক হওয়ার গল্প শোনাচ্ছে এটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জনগণের সামনে তুলে ধরাই বিএনপির দায়িত্ব। শহীদ জিয়াউর রহমানের সাহসী ঘোষণা ও নেতৃত্ব ছাড়া মুক্তিযুদ্ধ সংগঠিত করা সম্ভব হতো না । এ সত্য ইতিহাসের পাতায় চিরদিন অমলিন থাকবে।
তিনি আরো বলেন, এই নির্বাচন শুধু এমপি নির্বাচনের লড়াই নয়। এটি সত্য ও মিথ্যার লড়াই, ইতিহাস রক্ষার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষে ভোট মানেই শহীদ জিয়ার আদর্শে ভোট, ধানের শীষে ভোট মানেই গণতন্ত্রে ভোট, ধানের শীষে ভোট মানেই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানূষের ভাগ্য পরিবর্তন ও এলাকার উন্নয়ণের শপথ।
তিনি আরও বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। দীর্ঘ দুঃশাসনে মানুষ ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচনে মানুষ আর প্রতারিত হতে চায় না। জনগণ তাদের ভোটের মাধ্যমেই ইতিহাস বিকৃতকারীদের জবাব দেবে।
উঠান বৈঠকে তিনি আবেগভরে বলেন, যদি জনগণ আমাকে নির্বাচিত করে সংসদে পাঠায়, তাহলে আমি এই এলাকার মানুষের অধিকার, সম্মান ও ন্যায্য দাবি আদায়ে আপসহীন থাকব। কোনো অন্যায়, দুর্নীতি, দুঃশাসনের সঙ্গে কখনো আপস করব না। এটাই আমার অঙ্গীকার।
সভায় স্থাণীয় বিশিষ্ট ব্যক্তি আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, আমতৈল ইউনিযনের চেয়ারম্যান শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, ময়মনসিংহ দক্ষিন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন ।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।